
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৪টি দোকানঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে করে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা সহ ৪টি দোকানঘর ভস্মীভূত হয়ে যায়।
রবিবার (২ফেব্রুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে নাটঘর ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক সার্কিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।
তিনি বলেন, “ফুটবল প্রতীকের সমর্থকেরা আমাদের বিভিন্ন নেতাকর্মীকে হুমকি-ধমকি দিচ্ছে। আমার অনেক ব্যানার ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করা হচ্ছে।” এ সময় তিনি অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে নাটঘর ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেখে এলাকাবাসী ছুটে আসে। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করে জানান, উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান–এর প্রচারণা শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকে নির্বাচন করা জেলা বিএনপির সদস্য হযরত আলী ফোনে তাকে হুমকি দেন। হুমকির অল্প সময়ের মধ্যেই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

মিঠু সূত্রধর পলাশ 








